আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত সোমবার, ১১ মে, ফাইনালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ২–১ সেটে হারিয়ে ছাত্র বিভাগে শিরোপা জিতে নেয় চবি দল।
ফাইনালে ওঠার আগে সেমিফাইনালে শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিটি সেটই ছিল উত্তেজনাপূর্ণ ও কড়া লড়াইপূর্ণ, যেখানে খেলোয়াড়রা দক্ষতা ও আত্মত্যাগ দেখিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সাইন্স বিভাগের চার কৃতি ক্রীড়াবিদ—আব্দুর রহিম রাকিব, মুশফিক অভি, আল মাশরাফি হাসান ও তাযবি উল হাসান অয়ন—দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন এবং এই সাফল্যের মূল চালিকা শক্তি হয়ে ওঠেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন বলেন, “আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় এবং ভবিষ্যতেও খেলোয়াড়দের বিভিন্নভাবে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং নানা মহল থেকে সংশ্লিষ্ট খেলোয়াড়দের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 

























