প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু করা হবে। তিনি আরও বলেন, আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান উপদেষ্টা তিতুমীর।
উপদেষ্টা বলেন, বর্তমান প্রশাসনের সময়ে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় দলীয়করণ হয়েছে; যার ফলে তালিকাভুক্ত হওয়া উচিত এমন অনেকের নাম নেই, আবার থাকা উচিত নয় এমনদের নাম রয়েছে—এই অবস্থার কারণ তিনি রাজনৈতিক হস্তক্ষেপকে দায়ী করেন। তবে তিনি উল্লেখ করেন যে, সরকার ইতোমধ্যেই সামাজিক সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ শুরু করেছে এবং সকল ত্রুটি ও রাজনৈতিক হস্তক্ষেপ দূর করে প্রকৃত সুবিধাভোগীর কাছে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।
তিতুমীর আরও জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন শুরু হয়েছে এবং আজ থেকেই ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবায়েতদের ভাতা কার্যক্রম আরম্ভ করা হয়েছে। পাশাপাশি আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি কার্যকর করা হবে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান, সমাজ-জান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে উঠে এসেছে, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে এবং গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান বৃদ্ধি করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 
























