কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ (ইবিরিইউ)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ গঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম।
শনিবার, ১১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে একই দিন দুপুরে ফলাফল ঘোষণা করা হয় এবং নবনির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
১১ সদস্যের নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (দৈনিক জনবাণী), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম (এশিয়ান টিভি)।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) ও মোসাদ্দেক হোসেন (দৈনিক আজকালের কণ্ঠ)।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। কমিশনার হিসেবে ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। নির্বাচনী পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে অভিহিত করেছেন এবং সকল প্রার্থীর সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, “সংগঠনের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে আমরা সকলে একসাথে কাজ করব এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় শ্বোচ্চার থাকব।” নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম জানান, “সকলের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”
উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, তিনি একজন ইবিয়ান হিসেবে বলতে পারেন যে এখানে কোনো সাংবাদিক হলুদ সাংবাদিকতার চর্চা করে না এবং দল-মত নির্বিশেষে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে মনোনিবেশ করবে—এটাই তার প্রত্যাশা। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবকমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
নবনির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র আন্দোলন ও খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনগুলো থেকেও অভিনন্দন জানানো হয়েছে।
নবগঠিত নেতৃত্ব সংগঠনের কাজে নিষ্ঠার সঙ্গে দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতার মানোন্নয়ন ও সদস্যদের অধিকার রক্ষায় কাজ করলে তা কলেজ-ইউনিভার্সিটি পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে—এটাই আশার বিষয়।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























