রবিবার (১২ জুলাই) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফেনী সার্কেল আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে মোট এক কোটি নয় লাখ (১,০৯,০০,০০০) টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ২১টি পরিবারকে মোট এক কোটি পাঁচ লাখ (১,০৫,০০,০০০) টাকা এবং আহত দুইটি পরিবারের মাঝে চার লাখ (৪,০০,০০০) টাকা সচ্ছল হিসেবে প্রদান করা হয়েছে। মোট ২৩টি পরিবারের মাঝে এই এক কোটি নয় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। বিআরটিএ, ফেনী সার্কেলের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ আল ফায়সাল।
এছাড়া এ সময় ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম নবী, ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন এবং জেলার মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দও অনুষ্ঠানে ছিলেন।
অর্থিক সহায়তা প্রদানকে ঘিরে অনুষ্ঠানে শোকাহত পরিবারের সদস্যরা উপস্থিত থেকে স্বস্তি প্রকাশ করেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য সংগঠন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। বিআরটিএ কর্তৃপক্ষ জানান, এই ধরনের আর্থিক সহায়তা ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য চালিয়ে যাওয়া হবে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























