দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বরেণ্য অভিনেতা ও চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক শামস সুমন মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পী দীর্ঘদিন রেডিও ভূমির স্টেশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শৈশব থেকেই রেডিওর জনপ্রিয় কণ্ঠ হিসেবে খ্যাত শামস সুমন পরবর্তীতে মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অসামান্য অভিনেত্রীত্বের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার পরিকল্পনা করা হয়েছে।
শামস সুমনের প্রয়াণে অভিনয় ও সাংস্কৃতিক জগত একজন নিবেদিতপ্রাণ শিল্পী ও মেধাবী সংগঠককে হারালো। তাঁর পরিবার, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 

























