বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ডে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ শেষ করার পর ক্রিকেটাররা বর্তমানে বিশ্রামে থাকলেও বিশ্বকাপ প্রস্তুতির জন্য আগামী ১২ মে থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।
ঘোষিত দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি নতুন মুখ তাজ নেহারও সুযোগ পেয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কা সিরিজের দলের বাইরে রাখা হয়েছেন শারমিন সুলতানা। দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক হিসেবে থাকবেন নাহিদা আক্তার।
বাংলাদেশ ১২ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে শক্তিশালি গ্রুপ ‘এ’-তে পড়েছে। গ্রুপ ‘এ’-তে ভারতের পাশাপাশি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং আসরের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে। গ্রুপ ‘বি’-তে লড়বে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১২ জুন এজবাস্টনে অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে নবাগত নেদারল্যান্ডসের বিপক্ষে। রাউন্ড-রবিন লিগ পর্বে বাংলাদেশের বাকি ম্যাচগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে ১৭, ২০, ২৫ ও ২৮ জুন।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে আশানুরূপ ফল না পাওয়া সত্ত্বেও বিশ্বকাপে ভালো পারফর্ম করে দেশে মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। বিসিবি ও দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা রয়েছে যে তারা কঠিন গ্রুপ থেকে শক্ত মনোবল নিয়ে লড়াই করবে।
ঘোষিত বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 
























