বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপির রাজনৈতিক অবস্থান বদলে গিয়েছে এবং তারা যেই ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলেছিল, এখন সেই পথেই হাঁটছে। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলের জোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে ফ্যাসিবাদের সময়ের হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে সরকার গঠনের পর তাদের সুর বদলে গেছে এবং বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মন্তব্য করেন, ‘‘লজ্জার বিষয়, যারা ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলেছে, তারা এখন সেই ফ্যাসিবাদের রাজপথেই হাঁটছে।’’
জামায়াত আমির আক্ষেপ করে বলেন, ছাত্র-শ্রমিক-জনতার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা ও নিরাপত্তা অর্জিত হয়েছিল, তা এখনই ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি দাবি করেন, গত চার মাসে দেশে ৬০০-এর বেশি মানুষ নির্মমভাবে নিহত হয়েছেন এবং অনেক ঘটনায় বিচার বা সদিচ্ছার অভাব পরিলক্ষিত হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি নিজেদের কর্মীদের বিরুদ্ধে হওয়া হত্যাকাণ্ডেও কোনো সহমর্মিতা দেখাচ্ছে না।
সরকারি পদভাস ও প্রতিষ্ঠান দখলের ঘটনা নিয়েও তিনি তীব্র নিন্দা জানান। ব্যাংকের গভর্নর নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান দখল, জেলা প্রশাসক নিয়োগ এবং এমনকি খেলার মাঠ পর্যন্ত দলীয়করণের মাধ্যমে দেশ একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে—এই অভিযোগ তুলেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আপনারা বিচার নিশ্চিত করুন, না হলে যাওয়ার রাস্তা খুঁজে নেবেন।’’
ডা. শফিকুর আরও বলেন, সংসদে জামায়াত সবসময়ই জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। এমনকি বিএনপি-র ভেতর থেকেও জনগণের ম্যান্ডেট ও ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘বিনয়ের সঙ্গে অনুরোধ করব—মজলুম ছিলেন, জালেম হবেন না।’’ তিনি অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান এবং বলেন যে আন্দোলনের প্রতীকে-শরিফ উসমান হাদির হত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ কখনো মেনে নেবে না।
একই সঙ্গে তিনি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, ইসলামের আদর্শকে নির্মূল করার যেকোনো অপচেষ্টা দেশ ও জাতির জন্য বিপদসঙ্কেত। সমাজে বর্তমানে যে দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় শাসনের ‘ভাইরাস’ ছড়িয়ে পড়েছে, তা থেকে মুক্তি পেতে জনগণ পুনরায় একটি বৃহৎ প্রতিরোধের জন্য প্রস্তুত হচ্ছে—এমন আশঙ্কা ও প্রেক্ষাপট তিনি তুলে ধরেন।
সমাবেশে তিনি বক্তব্যে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সরপোনে লড়াই চালিয়ে যেতে হবে এবং সুষ্ঠু বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























