বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও পার্টির রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোরজবরদস্তি করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় ও আস্থার ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘দেশব্যাপী পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে—এই আমলে কেউ বিশ্রাম পাবে না।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দলের শীর্ষ নেতা তারেক রহমানের নির্দেশনায় অ্যাবের নেওয়া পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
দুই ধাপে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১০টায় পাঁচ লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। পরে দুপুর ১২টায় সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কর্মকর্তারা বলেন, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশসচেতনতা সৃষ্টি করবে এবং দেশের সবুজায়নে অবদান রাখবে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























