কুমিল্লার তিতাস ও দাউদকান্দি এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে লুট করা স্বর্ণালংকার, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে এসব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তিতাস ও দাউদকান্দির বিভিন্ন এলাকায় র্যাব-ধাঁচের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিতাস উপজেলার উজিরাকান্দি এলাকায় মোছা. নাছরিন আক্তারের বাড়িতে ডাকাত দল গেটের তালা ভাঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে নগদ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর তিতাস থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা (নং-১৪) করা হয়। একই কায়দায় কাকিয়াখালী এলাকায় মঞ্জুরা বেগমের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে এবং তিতাস থানায় আরও একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়।
মামলা দুটির অনুসন্ধানে ডিবি ও দাউদকান্দি মডেল থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা দল। তৎপর তদন্ত ও অভিযানেই তিতাস ও দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন — জীবন মিয়া, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নাসির, আবু তাহের, জামাল কুদ্দুস, ওবাইদুল, হানিফ, সৌরভ হোসেন, জহির, মকবুল হোসেন ও কামাল। পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে লুটকরা মালামালের মধ্যে একটি স্বর্ণের চেইন, তিনটি স্বর্ণের কানের দুল, রূপার নূপুর ও চেইন, সিটিগোল্ডের গহনা, ৩৭,২৪৭ টাকা নগদ, ১৩টি মোবাইল ফোন, দুটি সিএনজি চালিত যানবাহন, দেশীয় অস্ত্র (ছুরি, কাটার, শাবল, লোহার রড), বিভিন্ন ব্র্যান্ডের দুধের প্যাকেট ও কৌটা, ডিজিটাল ক্যামেরা, রাউটার, টর্চলাইট, ব্লেন্ডার মেশিন, মুখোশ ও ট্রাভেল ব্যাগসহ নানা আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদেরকে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ বলেছে, মামলার কড়া অনুসন্ধান ও গ্রেপ্তার অভিযান চলমান থাকবে এবং চক্রের সাথে জড়িত অন্য সদস্যদেরও ধরতে তৎপরতা অব্যাহত রাখা হবে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























