ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার বিচারক আলী মনসুর মামলাটির রায় দেন।
রায়ে ১ নম্বর আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা জেলা প্রশাসক বরাবর ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমোদিত হিসাব অনুযায়ী প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে মামলার আরেক আসামি এরশাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা আদালত প্রমাণিত হয়নি বলে বেকসুর খালাস দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনতাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালে রাণীশংকৈল থানায় অভিযোগ করে নির্যাতিত শিশুর মা মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য ও মামলার নথিপত্র পর্যালোচনা করে এ রায় দেন।
মামলার বাদী এবং নির্যাতিত শিশুর মা আদালতের রায়ে সন্তোষ জানিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে হচ্ছে।
স্থানীয়রা ও শিশুসহিংসতা বন্ধে সক্রিয়রা এই রায়কে শিশু নির্যাতন সম্পর্কিত অপরাধের বিরুদ্ধে একটি কঠোর বার্তা হিসেবে দেখছেন।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























