হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইট বিজি ৩৪৮-এর কার্গো কম্পার্টমেন্টের শৌচাগারের প্যানেলের ভেতর থেকে শনিবার (২৮ মার্চ) রাতে ১৫৩টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় দুবাই থেকে ঢাকা আসা ওই ফ্লাইটটি অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার যৌথ তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডের একটি টয়লেট প্যানেলের ভেতর লুকানো ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) জানান, টয়লেট প্যানেলের প্যানেল খুলতে স্ক্রু ড্রাইভার দিয়ে নাট-বল্ট খুলতে হয়, যা সাধারণ যাত্রীর পক্ষে বিমানবন্দরে আগেভাগে বয়ে নিয়ে ঢোকানোও সম্ভব নয়। বিমানবন্দরে প্রবেশের সময় ও বিমানে উঠার আগে যাত্রীদের হাতে থাকা বস্তু, হাতল্যাগেজ ইত্যাদি তল্লাশি করা হয় এবং ধারালো বা ধাতব সরঞ্জাম জব্দ করা হয়। তাই সূত্রটি বলেছে, এই স্বর্ণ পাচারে বিমানের কোনো না কোনো কর্মী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার সম্ভাবনা বেশি।
ঢাকা কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার (জেসি) কামরুল হাসান সমকালকে জানিয়েছেন, বিমানবন্দর গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এসব স্বর্ণবার জব্দ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনও ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, ৩৮ কোটি টাকার স্বর্ণ জব্দ সংক্রান্ত বিষয়ে থানায় মামলা হলে তদন্তের মাধ্যমে পাচার চক্রকে শনাক্ত করা সম্ভব হবে। এবারও এখনও কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি এবং কেউ থানায় যোগাযোগ করেনি।
জব্দ করা সকল স্বর্ণের বার নিয়ম অনুযায়ী বিমানবন্দর কাস্টমসের গুদামে সংরক্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























